24>|| জয় মা জয়রামবাটী ||
( সংগ্রহ)
জয়রামবাটীর কাছাকাছি সাতবেড়ে গ্রামের লালুজেলে শ্রীশ্রীমায়ের বিশেষ স্নেহের পাত্র । শ্রীশ্রীমাকে 'পিসিমা' বলে ডাকতেন । মাছ ধরা পেশা হলেও বাউল গান লিখে গাইতেন । একবার দুর্গাপূজার সময় তাঁর দুই ছেলে ও স্ত্রীর বসন্ত হয়েছে । কে কার মুখে জল দেয় তার ঠিক নেই । জয়রামবাটী ছুটলেন পিসিমার কাছে একটু আশীর্বাদ একটু সহানুভূতির জন্য । শুনলেন, পিসিমা কোলকাতায় রয়েছেন । সিংহবাহিনীর ফুল মাটি নিলেন বটে, কিন্তু মনে বড় অভিমান ------ " পিসিমা, এই বিপদের সময় তুমিও বাইরে থাকলে !" সেই রাতে স্বপ্ন দেখলেন, পিসিমা ঘরে ঢুকে বলছেন, " লালু তুই না বলছিলি ------- আমি ভুলে গেছি ; এই তো আমি এখানেই রয়েছি ।" ঘুম ভেঙে গেল । দেখেন কেউ কোথাও নেই । তারপরই ছেলে-বউরা তাড়াতাড়ি সেরে উঠল ।
পরের বছর মাথায় খেয়াল চাপলো, ঘরেই মায়ের পুজো করবেন । গাঁয়ের লোকেরা হাসাহাসি করতে লাগল, বলল ----- 'লালু, তুই ক্ষেপে গেছিস । পুজো আনা কি চাট্টি খানি কথা ?' কাকা জেঠারা বললেন, 'তোর যখন সাধ হয়েছে তুই নবমীর দিন ঘটে মায়ের পুজো কর ।'
লালুজেলের নিজের কথায় ------ " নবমীর দিন সন্ধ্যার সময় উঠোনে সামিয়ানা খাটিয়ে লণ্ঠন জ্বেলে বাউল গানের আসর বসানো হলো । হঠাৎ দেখি, ঘটের কাছে পিসিমার মতো কে যেন দাঁড়িয়ে আছে ! আমি ভাবলাম, খাটাখাটুনিতে সব ভুল দেখছি । অন্যদিকে চোখ সরিয়ে আবার তাকালাম সেই ঘটের দিকে । দেখি দুয়ারে আলো-আঁধারির মাঝে সরু লালপেড়ে ধপধপে সাদা শাড়ি পরে পিসিমাই দাঁড়িয়ে । তিনবার ঘুরেফিরে দেখি একই দৃশ্য ! আর স্থির থাকতে না পেরে দুয়ারে ছুটে গিয়ে মাথা ঠুকে বললাম ------- 'পিসিমা ! তোমার এত দয়া !' তারপর আমার আর কোন হুঁশ ছিল না ।"
জয় মা = জয় মা = জয় মা ।
( সংগ্রহ)
=========================
No comments:
Post a Comment