21>|| জপ ও ধ্যান ||
প্রশ্ন::--যদি এমন হয় যে ভক্ত যদি রাস্তায় চলতে চলতে জপ করবার ইচ্ছে হয় তা করতে পারি?
মহারাজ—খুব করবে। জপ করা, ভগবানের নাম করা যখন ইচ্ছা হয় তখনই করতে পার। সর্বাবস্থায় ভগবানের নাম জপ করা চলে। তাতে কালাকাল নেই, স্থান- অস্থান নেই। প্রেমের সঙ্গে নাম করতে হবে। তবেই আনন্দ পাবে ও প্রাণে শান্তি আসবে। যখন বেশ ভেতর থেকে ইচ্ছা হবে, তখনই জপ করবে—তা দশ মিনিট হোক, আর ঘণ্টাই হোক, আর এক ঘণ্টা কি আরো বেশিই হোক। urge (জোর) কিছু করো না, জোর করে করলে তাতে বিশেষ কিছু ফল হয় না। এ হলো প্রেমের সম্বন্ধ। ভগবানের সঙ্গে ভক্তের যে-সম্বন্ধ তা হলো ভালবাসার সম্বন্ধ। এতে জোর-জারের কিছুই নেই। আর খুব প্রার্থনা করবে প্রাণভরে—‘হে প্রভু, আমাকে তোমার আপনার করে নাও। আমি অবোধ, তোমায় কি করে ভালবাসতে হয়, কিছুই জানিনে। তুমি কৃপা করে আমাকে তোমার দিকে টেনে নাও, আর তোমাকে ভালবাসতে শেখাও।'
(শিবানন্দ বাণী-প্রথম খন্ড
সংকলিত স্বামী অপূর্বানন্দ পৃষ্ঠা -৪৪)
প্রণাম ঠাকুর,
প্রণাম মা,
প্রণাম মহারাজ,
( সংগ্রহীত)
===========================
No comments:
Post a Comment